লন্ডনে ৩০ মাসের লাইসেন্স পেলো উবার

২৮ মার্চ, ২০২২ ০০:৩১  
লন্ডনে নিজেদের রাইড শেয়ারিং সেবা চালিয়ে যাওয়ার জন্য ৩০ মাস বা আড়াই বছরের জন্য অনুমোদন (লাইসেন্স) পেয়েছে উবার। এর মাধ্যমে উবারের নিরাপত্তা প্রটোকল নিয়ে শহরটির পরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) এর সাথে উবারের দীর্ঘ যুদ্ধের অবসান হলো। খবর দ্য ভার্জ। রবিবার এক টুইটে উবারের পক্ষ থেকে জানানো হয়, “আমরা এই ঘোষণা দিতে পেরে আনন্দিত যে, টিএফএল লন্ডনে উবারকে ৩০ মাসের নতুন লাইসেন্স দিয়েছে। টিএফএল আমাদের খাতকে সর্বোত্তমভাবে নিয়ন্ত্রণ করে এবং নিরাপত্তা মান মেনে বজায় রাখতে কাজ করছে। আমরা তাদের বেধে দেয়া শর্ত মানতে পেরে খুবই আনন্দিত”। সামাজিক দায়বদ্ধতার অভাব রয়েছে এমন অভিযোগ করে ২০১৭ সালে প্রথমবারের মতো লন্ডনে উবারের লাইসেন্স বাতিল করে নিয়ন্ত্রক সংস্থা। আদালতে আপিলের মাধ্যমে ১৫ মাস সময় পায় উবার। ২০১৯ সালে পুনরায় উবারের লাইসেন্স বাতিল করে টিএফএল। ২০২০ সালে আদালত উবারকে লন্ডনে ব্যবসা পরিচালনার জন্য ১৮ মাসের লাইসেন্স প্রদান করে। বছরের পর বছর ধরে উবার তাদের নিরাপত্তা ফিচার উন্নয়নে কাজ করছে। ট্রিপে যাত্রী ও চালক উভয়ের যাতে নিরাপদ থাকে সেই বিষয়ে উদ্যোগ নেয়া হয়। ডিবিটেক/বিএমটি